প্রথম আলোয় হামলা, ভবনে অগ্নিসংযোগ
১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার। রাত আনুমানিক সোয়া ১১টায় একটি পরিকল্পিত ও সংগঠিত উগ্রবাদী সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে প্রবেশপথের শাটার ও কাচের দরজা ভেঙে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। ভবনের নিচতলা থেকে ধাপে ধাপে ওপরে উঠে তারা প্রতিটি তলায় নির্বিচার ভাঙচুর, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায়। অবশেষে আগুন ধরিয়ে দেয় ভবনে। রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সামনে হামলাকারীরা তাদের উদ্দেশ্য পূরণ করে। তারা পরবর্তী ধ্বংসযজ্ঞ চালানোর জন্য দ্য ডেইলি স্টার কার্যালয়ে ছুটে যায়।