প্রথম আলোয় হামলা, ভবনে অগ্নিসংযোগ
১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার। রাত আনুমানিক সোয়া ১১টা। অন্ধকারে শুরু হয় ভয়ংকর উন্মত্ততা। এক নির্মম, পরিকল্পিত উগ্রবাদী সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় দেশের শীর্ষ সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের শাটার ও বিশাল কাচের দরজা ভেঙে দলে দলে ভেতরে ঢুকে পড়ে প্রতিহিংসাপরায়ণ সুসংগঠিত হামলাকারীরা। তারপর শুরু হয় তাণ্ডব। প্রতিটি তলায় তারা চালায় নির্বিচার ভাঙচুর, লুটপাট, ধ্বংসযজ্ঞ। শেষে আগুন ধরিয়ে দেয় ভবনে। জনসাধারণের কাছে সত্য তথ্য পৌঁছে দেওয়ার প্রত্যয়ে অবিচল এই প্রতিষ্ঠানকে পুড়িয়ে ছাই করে দেওয়াই ছিল তাদের দুরভিসন্ধি। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আরও অনেকের সামনেই বিদ্বেষপরায়ণ উন্মত্ত হামলাকারীরা তাদের উদ্দেশ্য পূরণ করে চলে যায়।